জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (জেবিএবি)-এর দ্বিবার্ষিক সম্মেলন ও নির্বাচন আজ ১৫ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হবে। রাজধানীর কাকরাইলে অবস্থিত ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে ব্যাংকারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা গেছে।
জেবিএবি নির্বাচন পরিচালনা কমিশনের প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সোনালী ব্যাংক পিএলসির মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক (ব্যালট নং ১০০১) এবং প্রাইম ব্যাংক পিএলসির লায়ন আলতামাসুল ইসলাম আকন্দ ইকবাল (ব্যালট নং ১০০২)। সাধারণ সম্পাদক পদে লড়াই করছেন সোনালী ব্যাংক পিএলসির এ কে এম মাকসুদুর রহমান চৌধুরী (ব্যালট নং ২০০১) এবং জনতা ব্যাংক পিএলসির শাহ জাহান (ব্যালট নং ২০০২)। নির্ধারিত সময়ের মধ্যে একজন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করায় শেষ পর্যন্ত সভাপতি পদে দুজন প্রতিদ্বন্দ্বী বহাল রইলেন।
নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সোনালী ব্যাংকের ডিজিএম মোহাম্মদ আসলাম হোসেন। তার সঙ্গে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন এনআরবিসি, অগ্রণী, জনতা ও সোনালী ব্যাংকের কর্মকর্তারা। কমিশন নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক—এই দুটি গুরুত্বপূর্ণ পদে ভোটারদের চূড়ান্ত রাতেই নির্ধারিত হবে জেবিএবির আগামী দিনের নেতৃত্ব।

