জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) এবং জামালপুর মেডিকেল কলেজের নবীন নারী শিক্ষার্থীদের বরণে এক ব্যতিক্রমী ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা। গত শুক্রবার (১৪ আগস্ট) জামালপুর শহরের সর্দারপাড়ার হিলফুল ফুজুল ট্রাস্ট মিলনায়তনে সংগঠনটির জেলা ও শহর শাখার উদ্যোগে এই জাঁকজমকপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াত, স্বাগত গান এবং গোলাপ ফুল দিয়ে নবীনদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে জামালপুর জেলা শাখার সভানেত্রী হালিমা আখতারের সভাপতিত্বে এবং ফারজানা ফেরদৌসের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ময়মনসিংহ অঞ্চলের ‘মেডিকেল ও গবেষণা বিভাগ’ সম্পাদিকা তাজরিয়ান সুলতানা।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গাইডলাইন নিয়ে বিশদ আলোচনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষার্থী ফাতেমা নূর। তিনি তাঁর বক্তব্যে একাডেমিক জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে লক্ষ্য অর্জনে দৃঢ় থাকার উপায় এবং নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। আলোচনার পাশাপাশি অনুষ্ঠানে হামদ, জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে ‘জুলাইয়ের গান’ ও কবিতা আবৃত্তি এবং সংগঠনের কার্যক্রমভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্ম ‘মেন্টি ডট কম’-এর মাধ্যমে ভার্চ্যুয়াল কুইজ প্রতিযোগিতা, যার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, নবীনবরণের এই আয়োজনে ৯০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী নবীনদের প্রত্যেককে শুভেচ্ছা উপহার হিসেবে সংগঠনের পরিচিতি, নোটবুক, কলম, ‘যেমন তরুণ চাই’ বই এবং অর্থসহ কুরআন তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে একটি বিশেষ ‘অনুভূতি কর্নারে’ শিক্ষার্থীরা নিজেদের উচ্ছ্বাস ও ইতিবাচক অভিব্যক্তি প্রকাশ করেন এবং পরে সবার জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

