“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী নিজবর্নী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। নিজবর্নী স্পোর্টস একাডেমি আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় মোট চারটি দল অংশগ্রহণ করে।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১-০ গোলের ব্যবধানে জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘নিজবর্নী গেম চেঞ্জার’। অন্যদিকে পরাজিত হয়ে রানার্সআপ ট্রফিতেই সন্তুষ্ট থাকতে হয় ‘বি কে এফ সি ফুটবল দল’কে। দর্শকদের কানায় কানায় পূর্ণ মাঠে খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্যে পুরো এলাকা ফুটবল উৎসবে রূপ নেয়।
খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজবর্নী স্পোর্টস একাডেমির সভাপতি সাজ্জাদ বকলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালমান বকল শুভর পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইউসুফ আলী সরকার, যুবদলের সভাপতি খোকা খন্দকার এবং মিল্ক ভিটার সভাপতি মজিবর রহমান। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এ সময় বক্তারা যুবসমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজনের প্রতি তাগিদ দেন।

