শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ঘিরে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও তার আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই সেখানে পুলিশ ও র্যাবের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।
ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথে ব্যারিকেড বসিয়ে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সেখানে একটি জলকামান প্রস্তুত রাখা হয়েছে। সকাল থেকে পুরো এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার চাদরে ঢাকা থাকলেও ফুল দিতে কাউকে আসতে দেখা যায়নি। সাধারণ মানুষের চলাচল ও প্রবেশের ওপর বাড়ানো হয়েছে বাড়তি নজরদারি।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনটি ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত হয়। এর পর থেকেই এলাকাটিতে সর্বসাধারণের প্রবেশ নিয়ন্ত্রিত রাখা হয়েছে। আজ ১৫ আগস্ট উপলক্ষে সেই নিরাপত্তা তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে।

