বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক সতর্কতাকে সরকার বর্তমানে আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ বিষয়ে প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনটি তিনি নিজে এখনো পড়েননি; গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন।
সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ উদ্বেগ প্রকাশ করে জানায়, ভারতীয় উপমহাদেশভিত্তিক আল-কায়েদা (একিউআইএস) বাংলাদেশকে সন্ত্রাসী সেল প্রতিষ্ঠার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করতে পারে।
সরকার এ বিষয়ে কী পদক্ষেপ নিচ্ছে—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, প্রতিবেদনটি না পড়ে মন্তব্য করা সম্ভব নয়। তিনি আরও বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রতিবেদনটিতে সম্ভাব্য ঝুঁকির বিষয়ে অনুমানভিত্তিক পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে এবং অনুমাননির্ভর কোনো প্রতিবেদনের ওপর সরকার নির্ভর করতে পারে না।
এ সময় তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অন্য কোনো মন্ত্রণালয়ে স্থানান্তরের গুঞ্জন সম্পর্কেও প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে তিনিও বিভিন্ন গুঞ্জন শুনছেন।

