মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করতে যাচ্ছে। সোমবার (১৭ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে নতুন ব্র্যান্ডটি উন্মোচন করেছে রবি আজিয়াটা পিএলসি।
রবি জানিয়েছে, বাংলাদেশে এয়ারটেলের ১৬ বছরের যাত্রার পর নতুন পরিচয়ে সামনে আসছে ‘সার্কেল’। তবে ব্র্যান্ডের নাম পরিবর্তন হলেও গ্রাহকদের সঙ্গে সম্পর্ক এবং বিদ্যমান সেবায় কোনো পরিবর্তন হবে না।
এয়ারটেলের সব গ্রাহক স্বয়ংক্রিয়ভাবে ‘সার্কেল’-এর গ্রাহক হিসেবে বিবেচিত হবেন। তাদের ০১৬ নম্বর, সিম, প্যাকেজ ও ব্যালান্স আগের মতোই বহাল থাকবে। একইভাবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) অ্যাকাউন্ট, ওয়ালেট, লেনদেন ও গ্রাহকের তথ্যেও কোনো পরিবর্তন হবে না।
তরুণদের কথা মাথায় রেখে ‘সার্কেল’-এ কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) আধুনিক প্রযুক্তি ও নতুন ডিজিটাল সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিনোদন, গেমিং, কনটেন্ট তৈরি এবং অন্যান্য ডিজিটাল কর্মকাণ্ডে আরও উন্নত অভিজ্ঞতা দেওয়াই নতুন ব্র্যান্ডটির অন্যতম লক্ষ্য।
‘আসল সংযোগ, সবসময় সচল’—এই ব্র্যান্ড প্রতিশ্রুতি নিয়ে ‘সার্কেল’ মানুষের গুরুত্বপূর্ণ ব্যক্তি, কমিউনিটি ও অভিজ্ঞতার সঙ্গে আরও অর্থবহ সংযোগ তৈরিতে গুরুত্ব দেবে। রবি জানিয়েছে, ব্র্যান্ড পরিবর্তনের পুরো প্রক্রিয়ায় গ্রাহকদের সেবা নিরবচ্ছিন্ন থাকবে এবং এ জন্য তাদের আলাদাভাবে কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না।

