গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কাশিয়ানী উপজেলা শাখার নেতাকর্মীরা।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে তারা অবস্থান নেন। পরে প্রায় ৩৫ থেকে ৪০ জন নেতাকর্মী মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা জামায়াত-বিএনপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
একপর্যায়ে বিক্ষোভকারীরা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন। এতে প্রায় ৫ থেকে ৭ মিনিট যান চলাচল ব্যাহত হয়। কিছুক্ষণ পর তারা ঘটনাস্থল ত্যাগ করলে যান চলাচল স্বাভাবিক হয়।
কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও মিছিলকারীদের পাওয়া যায়নি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে বলে জানান তিনি।

