নেইমার ও থিয়াগো মেন্দেসের পুরোনো দ্বন্দ্ব যেন আবারও নতুন করে সামনে এসেছে। রোববার (১৬ আগস্ট) সাও জানুয়ারিওতে ভাস্কো দা গামা ও সান্তোসের ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের করমর্দনের সময় নেইমারের বাড়িয়ে দেওয়া হাত এড়িয়ে যান ভাস্কোর মিডফিল্ডার থিয়াগো মেন্দেস।
ঘটনাটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ম্যাচের গ্যালারিতেও এর প্রভাব দেখা যায়। ভাস্কো সমর্থকদের একাংশ নেইমারের কান্নার মুখাবয়বের মাস্ক পরে তাকে উদ্দেশ্য করে বিদ্রূপ করেন।
নেইমার-মেন্দেসের দ্বন্দ্বের সূত্রপাত ২০২০ সালে ফরাসি লিগ ওয়ানে পিএসজি ও লিঁওর ম্যাচে। ওই ম্যাচে মেন্দেসের ট্যাকেলে গুরুতর চোট পান নেইমার। মেন্দেস লাল কার্ড দেখার পাশাপাশি পরে নেইমারের কাছে ক্ষমাও চেয়েছিলেন।
চলতি বছর দুজনই ব্রাজিলিয়ান ফুটবলে ফেরার পর পুরোনো উত্তেজনা আবারও দেখা দেয়। সাম্প্রতিক এক ম্যাচে মেন্দেসের ফাউল নিয়ে নেইমার ক্ষুব্ধ হয়ে তার মুখোমুখি হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুজনকেই হলুদ কার্ড দেখানো হয়। ম্যাচের পর নেইমার মেন্দেসকে নিয়ে কড়া মন্তব্যও করেন।

