কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও প্রবেশাধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্র সতর্কবার্তা ও কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। অঞ্চলটি রক্ষায় নিয়োজিত ইরানি বাহিনী প্রয়োজনে ট্রাম্পের ‘পা ভেঙে দেবে’ বলে মন্তব্য করেছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে আল-জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ডে পরিণত করার হুমকিকে ‘বিপজ্জনক রসিকতা’ বলে অভিহিত করেছেন আমির হাতামি। তিনি বলেন, ইরানকে নিয়ে এ ধরনের মন্তব্য করা ট্রাম্পের একটি বড় ভুল। কারণ এই দেশে এমন সব পরাক্রমশালী যোদ্ধা রয়েছেন, যারা মার্কিন আগ্রাসীদের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। মার্কিন বাহিনীকে পারস্য উপসাগর, ওমান সাগর ও হরমুজ প্রণালি এলাকা থেকে কার্যকরভাবে বিতাড়িত করা হয়েছে দাবি করে ইরানি সেনাপ্রধান বলেন, এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোকে আর আগের অবস্থায় ফিরতে দেবে না ইরান।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রণালিটি বন্ধ করে দেয় ইরান। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা চরম হুমকির মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যেও ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশ করলে হামলা চালাচ্ছে ইরানি বাহিনী। এর আগে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদিও একই বিষয়ে মার্কিন মন্তব্য প্রত্যাখ্যান করে বলেছিলেন, কেবল টুইট বা রণতরি পাঠিয়ে হরমুজ প্রণালি দখল করা সম্ভব নয়।

