ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় প্রেমিকার আকস্মিক মৃত্যুর শোক সহ্য করতে না পেরে বিষপানে তানভীর (১৯) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। গত সোমবার (১৭ আগস্ট) বিকেল পৌনে ছয়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তানভীর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মফিজদ্দিন খালাসীর ডাঙ্গী গ্রামের মৃত মো. আশরাফ হোসেনের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তানভীর ফরিদপুর শহরের কমলাপুর চানমারী এলাকায় তার বোন তানজিলা আক্তারের বাসায় বেড়াতে এসেছিলেন। বিকেল আনুমানিক ৪টার দিকে তিনি জানতে পারেন তার প্রেমিকা স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। প্রেমিকার মৃত্যুর খবর পেয়ে চরম মানসিক আঘাতে ভেঙে পড়েন তানভীর এবং বোনের বাসার বাইরে গিয়ে বিষপান করেন। বিষপানের পর ঘরের ভেতর ঢুকেই তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তার বোন ও মা তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।
ঘটনার পর কোতোয়ালী থানায় লিখিতভাবে একটি অপমৃত্যুর সংবাদ জমা দেন নিহতের বড় ভাই মো. সাইফুর রহমান। ফরিদপুরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

