দলিল লেখকদের পেশাগত অধিকার ও সামাজিক মর্যাদা রক্ষাসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ দলিল লেখক সমিতি ফরিদপুর জেলা শাখা। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে জেলা প্রশাসকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনটির নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ দলিল লেখক সমিতি ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উত্থাপিত ৭ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, জমি ক্রেতা-বিক্রেতার সরবরাহকৃত কাগজপত্রের ভিত্তিতে দলিল প্রস্তুতের কারণে দলিল লেখকদের কোনো মামলায় আসামি না করা, প্রতিটি দলিলের বিপরীতে ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা নির্ধারণ করা এবং সনদপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিলের মুসাবিদা ও রেজিস্ট্রেশনের সুযোগ না দেওয়া। এছাড়া দলিল লেখক কাউন্সিল গঠন, অনভিজ্ঞ কাউকে নতুন লাইসেন্স না দেওয়া এবং সরকারি খরচে বসার স্থান ও নামাজের ঘর নির্মাণের দাবি জানানো হয়।
কর্মসূচি শেষে ফরিদপুর জেলা শাখার সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে দলিল লেখকেরা অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সেবা দিয়ে আসলেও বর্তমানে তাদের পেশাগত অধিকার ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। তিনি বাংলাদেশ দলিল লেখক সমিতির চেয়ারম্যান আলহাজ্ব মো. এ রশিদ ও মহাসচিব কে. এস. হোসেন টমাসের নেতৃত্বে দেশব্যাপী চলমান আন্দোলনের অংশ হিসেবে ফরিদপুরেও এই যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

