ভারতের কলকাতার নিউ মার্কেট সংলগ্ন অত্যন্ত ব্যস্ত ও জনবহুল এলাকা ফ্রি স্কুল স্ট্রিটের (মির্জা গালিব স্ট্রিপ) একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা গেছে, নিহতদের মধ্যে একটি শিশুসহ আট থেকে ৯ জনই চিকিৎসা নিতে ভারতে যাওয়া বাংলাদেশি নাগরিক।
বুধবার (১৯ আগস্ট) ভোররাত প্রায় ২টার দিকে পাঁচতলা বিশিষ্ট ওই হোটেল ভবনে আগুনের সূত্রপাত ঘটে। সেই সময় হোটেলের অধিকাংশ অতিথি ও পর্যটক ঘুমিয়ে ছিলেন। অতি দ্রুত আগুন ও ঘন ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়লে হোটেলের করিডোর ও সিঁড়িগুলো অবরুদ্ধ হয়ে পড়ে এবং বহু অতিথি ভেতরে আটকা পড়েন। খবর পেয়েই দ্রুত দমকল বাহিনীর একাধিক ইউনিট ও দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা উদ্ধারকাজে নামেন। সিঁড়ি দিয়ে ঘন ধোঁয়ার কারণে ওপরের তলায় পৌঁছাতে বেগ পেতে হলে পরবর্তীতে মই ব্যবহার করে জানালা ভেঙে ভেতর থেকে আটকে পড়া অতিথিদের উদ্ধার করা হয়।
খবর পেয়ে উদ্ধার তৎপরতা তদারকি করতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তাপস রায় এবং পূর্ণিমা চক্রবর্তী। পুলিশ সূত্রে জানা গেছে, ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং বর্তমানে ভবনটি ঠান্ডা করার (কুলিং) কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ বা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে, তবে নির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। এদিকে কলকাতার এই ঘটনার মাত্র দুই দিন আগে, ১৭ আগস্ট ভোরে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠের ‘হোটেল বিদেষিণী’তে ভয়াবহ আগুনে মেঘালয়ের একই পরিবারের পাঁচজনসহ মোট ৮ জন নিহত হয়েছিলেন।
সূত্র: স্টার নিউজ

