সারাদেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও চারজন শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩১ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ আগস্ট পর্যন্ত দেশে মোট হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৭১১ জনে।
বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৮৭ জন। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া মোট হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৬ জনে। এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ২৭ হাজার ৭৬ জন রোগী। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৮০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে ১৯ আগস্ট পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট ৮২৩ জন শিশুর মৃত্যু হয়েছে। তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হামে নতুন করে কারও মৃত্যু হয়নি। বিগত পাঁচ মাসে নিশ্চিত হওয়া হামের কারণে মোট ৯৯ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

