জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল টুর্নামেন্টে টাঙ্গাইলকে টাইব্রেকারে ৩-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে রংপুর জেলা দল। সোমবার (১৭ আগস্ট) টাঙ্গাইলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ০-০ গোলের সমতায় শেষ হলে টাইব্রেকারে চ্যাম্পিয়ন নির্ধারিত হয়। রানার্সআপ হলেও পুরো টুর্নামেন্টে ধারাবাহিকভাবে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে টুর্নামেন্টসেরা খেলোয়াড় বা সেরা খেলোয়াড়ের মর্যাদা অর্জন করেছেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কৃতি সন্তান মিম।
ফাইনালে রংপুর ও টাঙ্গাইলের কিশোরীদের মধ্যে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে রংপুরের গোলরক্ষক সুমাইয়ার দুর্দান্ত নৈপুণ্যে টাঙ্গাইলের কোনো শটই জালে জড়াতে পারেনি। ফলে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা উৎসবে মেতে ওঠে রংপুরের মেয়েরা। ফাইনালের সেরা খেলোয়াড় এবং টুর্নামেন্টের সেরা গোলরক্ষক—উভয় পুরস্কারই নিজের ঝুলিতে পুরেছেন রংপুরের সুমাইয়া। অন্যদিকে, টুর্নামেন্টে ৬ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান রংপুরের অনন্যা এবং ‘বেস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ নির্বাচিত হন রাঙ্গামাটির থুইকারিমা মারমা।
টাঙ্গাইলের ধনবাড়ীর পাইস্কা বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মিম ফুটবল বাফুফে নিবন্ধিত কোচ জহিরুল ইসলাম মিলনের হাত ধরে ফুটবলে আসেন। তাকে সার্বিক সহযোগিতা করেছে পাইস্কা বালিকা উচ্চবিদ্যালয় ও ‘নিজেরা করি’ সংস্থা। মিমের এই বড় সাফল্যে ধনবাড়ী উপজেলায় এখন বইছে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। মিম ভবিষ্যতে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে চান। মিমের এই উজ্জ্বল পথচলায় যেন কোনো বাধা না আসে, সেজন্য তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। খেলা শেষে আয়োজিত জমকালো পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ও টাঙ্গাইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলী ইমাম তপন উপস্থিত ছিলেন।

