স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজের শেষকৃত্যে অংশ নিতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন কারাবন্দি সাবেক মন্ত্রী দীপু মনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাকে প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম। তিনি জানান, বুধবার বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী দীপু মনির প্যারোলের আবেদন মঞ্জুর করেন।
প্যারোলের সময় পুলিশ পাহারায় দীপু মনিকে প্রথমে ঢাকার কলাবাগানের বাসায় নেওয়া হবে। সেখানে তিনি স্বামীর মরদেহ দেখবেন। পরে মরদেহ গুলশান আজাদ মসজিদে নেওয়া হবে এবং বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।
দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যে সন্ধ্যা ৬টার মধ্যে তাকে মুন্সীগঞ্জ কারাগারে ফিরে যেতে হবে।
দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

