সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দীর্ঘ সাড়ে তিন দশক (৩৫ বছর) পর আবারও সরাসরি ভোটাভুটির মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে প্রত্যক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৯৯১ সালের পর বাংলাদেশে আবারও প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে, যেখানে সরকারি দল বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ড. অলি আহমদ (বীর বিক্রম) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এর আগে ১৯৯১ সালে বিএনপির আব্দুর রহমান বিশ্বাস ও আওয়ামী লীগের বদরুল হায়দার চৌধুরীর মধ্যে খোলা ব্যালটে সংসদীয় ভোটাভুটি হয়েছিল। সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদ ও ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১’ অনুযায়ী সংসদ সদস্যরা এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। মোট ৩৪৯ জন ভোটার এই নির্বাচনে ভোট দেবেন। নির্বাচনে প্রার্থীর নাম ও ভোটারের নাম স্পষ্ট উল্লেখসহ ওপেন ব্যালটে ভোটগ্রহণ পরিচালিত হবে, যা পূর্ণ স্বচ্ছতার জন্য বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, সাবেক রাষ্ট্রপতির পদত্যাগের পর ক্যাবিনেট ডিভিশনের গেজেট অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সংসদ ভবনের সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিধান নিশ্চিতের পাশাপাশি ভোট গণনা শেষে আজ বিকেল ৫টার পরই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

