ফরিদপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত এক নারীর (৩৮) অর্ধগলিত ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় জেলা সদরের আলীয়াবাদ ইউনিয়নের সাদিপুর বাজার সংলগ্ন পদ্মায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে রাত ৮টার দিকে নৌ-পুলিশের ফরিদপুর কোতোয়ালী ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
উদ্ধারকৃত মরদেহের দুই হাতে সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহৃত শাখা-চুড়ি, পায়ে নূপুর এবং গায়ে ট্যাটু আঁকা রয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মরদেহের গলার অংশ কাটা ছিল এবং গলা থেকে নাভি পর্যন্ত সেলাইয়ের চিহ্ন পাওয়া গেছে।
ফরিদপুর নৌ-পুলিশের কর্মকর্তা জানান, লাশটি দীর্ঘ দিন পানিতে থাকায় এবং জলজ প্রাণীর আঘাতে পচে গেছে, ফলে আঙুলের ছাপের (ফিঙ্গারপ্রিন্ট) মাধ্যমে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, আনুমানিক ৫-৬ দিন আগে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে। নিহতের নাম-পরিচয় শনাক্ত করতে এবং ঘটনার নেপথ্য কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

