বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁকে শপথবাক্য পাঠ করান। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, ডা. জুবাইদা রহমান, সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত থাকলেও দেখা যায়নি সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কোনো নির্দেশনা না থাকায় তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে। এতে দুঃখ প্রকাশ করে মো. সাহাবুদ্দিন জানান, শারীরিক অসুস্থতার কারণে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণ দেখিয়ে সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন মো. সাহাবুদ্দিন। এরপর ২১ আগস্ট নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণের মাধ্যমে শেষ হলো দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের নতুন দায়িত্ব হস্তান্তর।

