রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একটি তালাবদ্ধ বাড়ি থেকে জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তাঁর পরিবারের চারজনের পচন ধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাতে স্থানীয়দের খবরের ভিত্তিতে সিআইডি ও কোতোয়ালি থানা পুলিশ প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে লাশগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন—রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রিয়ম চক্রবর্তী (১২)। পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্যমতে, বাড়িটির গেটে গত তিন দিন ধরে তালা ঝুলতে দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পুলিশ ভেতরে ঢুকে চারজনের গলিত দেহ পড়ে থাকতে দেখে।
সিআইডি রংপুরের ইনচার্জ সুমির চৌধুরী জানান, লাশগুলোতে পচন ধরায় ধারণা করা হচ্ছে তিন-চার দিন আগেই তাঁদের মৃত্যু হয়েছে। ঘরের বিভিন্ন আলমারি ও বাক্স ভাঙা থাকায় প্রাথমিকভাবে ডাকাতির সন্দেহ করা হচ্ছে। এ ছাড়া দুর্বৃত্তরা বাড়ির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে রেখেছিল। এটি কোনো সংঘবদ্ধ হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখতে সিআইডি ও পুলিশের একাধিক টিম কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

