জামালপুরের বকশীগঞ্জে জমি দখল, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকীপুর বাঁশকান্দা এলাকায় জানকীপুর ও বাঁশকান্দা গ্রামবাসীর যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, স্থানীয় অভিযুক্ত মিজানুর রহমান খোকন একজন চিহ্নিত জমিদস্যু, মিথ্যা মামলাবাজ ও ইয়াবা কারবারি। ভুক্তভোগী ফারুক মিয়ার দাবি, তাঁদের কেনা ২৫ শতক আবাদি জমি দীর্ঘদিন ধরে তাঁরা চাষাবাদ করে আসছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে খোকন জোরপূর্বক উক্ত জমি দখলের পাঁতারা চালাচ্ছেন। জমিতে কৃষিকাজ করতে গেলে ফারুক ও তাঁর পরিবারকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে জানা যায়। মানববন্ধনে বক্তারা অবিলম্বে অভিযুক্ত খোকনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনের কাছে জোরালো দাবি জানান।

