জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি দাবি করেন, সেপ্টেম্বরে চট্টগ্রাম অভিমুখে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা এবং ডিসেম্বরে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ তৈরির চেষ্টা একই পরিকল্পনার অংশ।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, জামায়াতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি সরকার বিরোধী দলের সঙ্গে আওয়ামী লীগের চেয়ে খারাপ আচরণ করছে। তিনি এ বক্তব্যের সমালোচনা করে বলেন, জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে রাজপথে নামার চেষ্টা করছে। জনগণ তাদের এ উদ্যোগ মেনে নেবে না।
তিনি আরও বলেন, জামায়াত-এনসিপির এমপিরা সংসদে সরকারি দলের এমপিদের মতো সুবিধা দাবি করছেন। জামায়াত দীর্ঘ ১৭ বছর তাদের কার্যালয়ের তালা খুলতে পারেনি দাবি করে রাশেদ খান বলেন, এখন তারা আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে সরকার পতন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। জনগণ তাদের সেই স্বপ্ন পূরণ হতে দেবে না।
সংসদে সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সময় ১১ দলীয় জোটের এমপিরা বিরোধিতা ও হট্টগোল করেছেন। একই সঙ্গে তারা গুমের ঘটনায় বিচার দাবি করছেন এবং সালাহউদ্দিন আহমেদের গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
এনসিপির সঙ্গে জামায়াতের রাজনৈতিক সমঝোতার সমালোচনা করে রাশেদ খান বলেন, এনসিপি যেদিন জামায়াতের সঙ্গে যোগ দিয়েছে, সেদিনই দলটি ধ্বংস হয়ে গেছে। জামায়াত-এনসিপি একসঙ্গে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, বাংলাদেশপন্থী জনগণ এ ধরনের কোনো অপচেষ্টা মেনে নেবে না।
এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি আক্তারুজ্জামান, মুন্সি কামাল আজাদ পান্নুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

