জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) সাংবাদিক সমিতির (জাবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে ‘দৈনিক যায়যায়দিন’-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুসলিম ইবনে রবি এবং সাধারণ সম্পাদক পদে ‘ক্যাম্পাস টাইমস’-এর প্রতিনিধি মো. জসিম উদ্দিন নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়েই বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
রোববার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ‘নকশীকাঁথা ভবন’-এ অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে দুপুর ২টায় প্রধান নির্বাচন কমিশনার ও ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন।
নতুন গঠিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে আল শাহরিয়া রোকন (এডুকেশন টাইমস), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. নাঈম ইসলাম (এশিয়া পোস্ট), অর্থ সম্পাদক পদে মো. ইকরাম মাহমুদ প্রধান (দ্য ডেইলি চেক পোস্ট) এবং দপ্তর সম্পাদক পদে মিরাজ হোসেন (দ্যা স্টুডেন্ট জার্নাল) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে মো. মিরাজুল ইসলাম (জামালপুরনিউজ২৪ ডটকম), মো. বেলাল হোসাইন (দ্যা ডেইলি ক্যাম্পাস) এবং আহাদুজ্জামান অনন্ত (নবধারা) মনোনীত হয়েছেন।
নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের চেয়ারম্যান মো. সিজার রহমান এবং ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আতিকুর রহমান। নির্বাচন চলাকালে বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি এবং জামালপুর জেলা প্রেসক্লাব ও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির স্থানীয় সাংবাদিক নেতারা কেন্দ্র পরিদর্শন করে নবনির্বাচিত কমিটিকে শুভকামনা জানান।

