সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগটিতে হাম ও এর তীব্র উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ জনে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।
মারা যাওয়া দুই শিশুর মধ্যে চার মাস ২০ দিন বয়সী আয়ান এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং হবিগঞ্জ সদরের এক বছর দুই মাস বয়সী ইব্রাহিম শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩৯৯ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় ১ হাজার ৩১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। মৃত ১৫৪ জনের মধ্যে ১০ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছিল। বাকিরা হামের তীব্র উপসর্গ নিয়ে মারা গেছেন।

