ফুটবলপ্রেমীদের জন্য তৈরি হতে পারে এক অবিশ্বাস্য মুহূর্ত। আর্জেন্টাইন কিংবদন্তি কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে একই দলের জার্সিতে দেখা যেতে পারে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোকে। আগামী ডিসেম্বরে বোকা জুনিয়র্সের ঐতিহাসিক স্টেডিয়াম ‘লা বোম্বোনেরা’-য় জমকালো বিদায়ী ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছেন তেভেজ।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, আয়োজনের জন্য স্টেডিয়াম ব্যবহারের অনুমতি দিয়েছেন বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকেলমে। তবে আর্জেন্টাইন লিগের মৌসুম শেষ হওয়া এবং বোকা জুনিয়র্সের সূচির ওপর নির্ভর করায় এখনো ম্যাচের চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি। সম্ভাব্য তারিখ হিসেবে ১২-১৩ ডিসেম্বর ও ১৯-২০ ডিসেম্বরের সাপ্তাহিক ছুটির দিন বিবেচনায় রাখা হয়েছে।
তেভেজের দীর্ঘ ক্যারিয়ারের সঙ্গে যুক্ত প্রায় ৬০ জন খেলোয়াড় ও বিশিষ্ট ব্যক্তিকে ম্যাচটিতে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। সম্ভাব্য ফরম্যাট অনুযায়ী, এক দলে থাকবেন তেভেজের ফুটবল ও শৈশবের বন্ধুদের অনেকে, অন্য দলে খেলবেন তার ক্যারিয়ারের বিভিন্ন ক্লাবের সাবেক সতীর্থরা।
সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে মেসি ও রোনালদোকে ঘিরে। তেভেজের পছন্দের আমন্ত্রিতদের তালিকায় মেসির নাম রয়েছে বলে জানা গেছে। আর ম্যানচেস্টার ইউনাইটেডে তেভেজের সাবেক সতীর্থ হিসেবে রোনালদোকেও আমন্ত্রণ জানানো হতে পারে। দুজনই আমন্ত্রণ গ্রহণ করলে একই দলের হয়ে তাদের মাঠে নামার সম্ভাবনা তৈরি হবে।
বোকা জুনিয়র্স, ওয়েস্ট হ্যাম, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের মতো ক্লাবে খেলেছেন তেভেজ। আর্জেন্টিনা জাতীয় দলের হয়েও দীর্ঘদিন প্রতিনিধিত্ব করেছেন তিনি। ২০২২ সালের জুনে পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার আগে ২৭৯ ম্যাচে ৯৪ গোল ও ১১টি বড় শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে তার।
অবসরের পর কোচিংয়ে যুক্ত হন তেভেজ। রোসারিও সেন্ট্রাল, ইন্ডিপেনদিয়েন্তে ও তায়েরেস কর্দোবার মতো দলের দায়িত্বও পালন করেছেন সাবেক এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

