ঝিনাইদহের কালীগঞ্জে ভুল চিকিৎসায় শিল্পী বেগম নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগে একটি বেসরকারি ক্লিনিক সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ক্লিনিকটির মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বারবাজারে অবস্থিত নিউ গরীবশাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার সকালে ওই ক্লিনিকে কালীগঞ্জ উপজেলার সাতগাছিয়া গ্রামের ইয়ার আলীর স্ত্রী শিল্পী বেগমের সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশনের সময় তিনি অপারেশন থিয়েটারেই মারা যান। তবে তার গর্ভ থেকে চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতককে জীবিত বের করতে সক্ষম হন।
এ ঘটনায় নিহত নারীর স্বজনরা ক্লিনিক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ করেন। বিষয়টি জানাজানি হলে পুরো উপজেলায় এ নিয়ে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার খবর পেয়ে সোমবার দুপুরে ইউএনও রেজওয়ানা নাহিদ নবজাতককে দেখতে তার নানা বাড়িতে যান। পরে তিনি নিউ গরীবশাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন।
ইউএনও রেজওয়ানা নাহিদ বলেন, অভিযানের সময় ক্লিনিকটি সিলগালা করা হয় এবং মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, নবজাতকের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা, খাবার দুধসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে।

