লালমনিরহাটে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে মোক্তার উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও দায়রা জজ নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত মোক্তার উদ্দিন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ি এলাকার বাসিন্দা।
আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বাড়িতে কেউ না থাকার সুযোগে মোক্তার উদ্দিন ১২ বছর বয়সী ওই শিশুকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকিও দেন তিনি।
এরপর বিভিন্ন সময়ে শিশুটিকে ধর্ষণ করেন মোক্তার উদ্দিন। একপর্যায়ে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে পরিবারের লোকজন তাকে চিকিৎসকের কাছে নিয়ে পরীক্ষা করালে অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত হয়।
এরপর শিশুটি পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায়। এ ঘটনায় ২০২০ সালের ২৬ মে শিশুটির বাবা মোক্তার উদ্দিনের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আসামির উপস্থিতিতে মামলাটির রায় ঘোষণা করেন আদালত। রায়ে জরিমানার দুই লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগী শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি/স্পেশাল পিপি) অ্যাডভোকেট লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

