ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) স্বপ্নের অভিষেক হয়েছে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের। বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন তিনি। মিরাজের পাশাপাশি অধিনায়ক ইমরান তাহিরের ৫ উইকেটের বিধ্বংসী স্পিনে সেন্ট লুসিয়া কিংস মাত্র ১১৯ রানে অলআউট হয়ে যায়।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্বাগতিকদের স্পিন আক্রমণের সামনে চাপে পড়ে সেন্ট লুসিয়া। দলের হয়ে কামিল পুরান ৩৫ বলে ৪৩ এবং ওবার পিয়েনার ২৮ বলে ৩৫ রান করেন। তবে অন্য ব্যাটাররা ব্যর্থ হওয়ায় ১৮.৫ ওভারে ১১৯ রানেই গুটিয়ে যায় কিংস।
গায়ানার হয়ে ইমরান তাহির ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট নেন। অন্যদিকে মিরাজও স্পিন সহায়ক উইকেটের পূর্ণ সুবিধা নিয়ে ৩ উইকেট শিকার করেন।
১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কিছুটা চাপে পড়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সও। পাঁচ নম্বরে ব্যাট করতে নামা মিরাজ মাত্র ৪ বলে ১ রান করে আউট হন। তবে গ্লেন ফিলিপস ও কুইন্টিন স্যাম্পসনের ৩৭ রান করে অবদানে ৯ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিশ্চিত করে গায়ানা।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ৮ ম্যাচে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট।

