চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেল দুই আসরে নানা তিক্ত অভিজ্ঞতার কারণে তাড়াহুড়ো করে আরেকটি ‘জোড়াতালি’র টুর্নামেন্ট আয়োজন করতে চায় না বোর্ড। বরং সবকিছু নতুন করে গুছিয়ে আরও মানসম্মতভাবে বিপিএল আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।
চলতি বছর বিপিএল না হওয়ায় আগামী বছরের নভেম্বরের নির্ধারিত স্লটে টুর্নামেন্টটি আয়োজনের চিন্তা করছে বোর্ড। পাশাপাশি ফেব্রুয়ারি মাসকেও সম্ভাব্য সময় হিসেবে বিবেচনায় রাখা হয়েছে। ঢাকা পোস্টকে বিসিবির এক পরিচালক এ তথ্য জানিয়েছেন।
বিপিএলকে আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক করতে এবার কিছুটা সময় নিতে চাচ্ছে বিসিবি। নতুন স্লটে আয়োজনের চিন্তাও এরই অংশ। এর আগে বিপিএলের আয়োজন ও ব্যবস্থাপনার মান উন্নত করতে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজির সঙ্গে চুক্তি করেছিল।
তবে আগামী আসর কীভাবে আয়োজন করা হবে, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে নাকি বিসিবির নিজস্ব ব্যবস্থাপনা দল গঠন করা হবে—এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। একই সঙ্গে দেশের বাইরের সফল বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিপিএলে যুক্ত করার বিষয়েও আলোচনা চলছে।
বিপিএলের সময়সূচি, ব্যবস্থাপনা, পারিশ্রমিক, ফ্র্যাঞ্চাইজি কাঠামোসহ পুরো আয়োজনকে আরও গোছানো এবং পেশাদার করার লক্ষ্য রয়েছে বিসিবির। আন্তর্জাতিক মানের প্রতিযোগিতামূলক ও দর্শকবান্ধব একটি লিগ হিসেবে বিপিএলকে প্রতিষ্ঠা করাই এখন বোর্ডের অন্যতম প্রধান লক্ষ্য।

