বাংলাদেশ থেকে কোনো ইসলামিক ধর্মীয় বক্তা বা ‘হুজুরকে’ পশ্চিমবঙ্গে প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (১২ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
শুভেন্দু অধিকারী বলেন, সাবেক তৃণমূল কংগ্রেস সরকারের সময়ে বাংলাদেশ থেকে ইসলামিক বক্তারা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পশ্চিমবঙ্গে আসতেন। তবে বিজেপির বর্তমান সরকারের সময়ে এ ধরনের ধর্মীয় বক্তাদের পশ্চিমবঙ্গে প্রবেশের সুযোগ দেওয়া হবে না বলে জানান তিনি।
শুভেন্দু দাবি করেন, দুই বছর আগে বাংলাদেশ থেকে আসা এক ধর্মীয় বক্তা পশ্চিমবঙ্গের বসিরহাটে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় জনসংখ্যা বৃদ্ধির মাধ্যমে জনবিন্যাস পরিবর্তনের কথা বলেছিলেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি আপনাদের শুনিয়ে দিতে পারি, বাংলাদেশ থেকে একটি ধর্মীয় অনুষ্ঠানে—এই সরকার আসার সময় নয়, কারণ এই সরকার তো ওই ধরনের তথাকথিত হুজুরদের এখানে ঢুকতেই দেবে না, দু’বছর আগে বসিরহাটে একটি ধর্মীয় অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা এক হুজুর বলছেন যে—‘আমেরিকার কাছে পারমাণবিক অস্ত্র আছে, আমরা জনবিস্ফোরণ করে পারমাণবিক অস্ত্রকেও ধ্বংস করে দিতে পারি।’ তা তিনি এখানে এসে জনবিস্ফোরণের কথা বলছেন, ডেমোগ্রাফি (জনবিন্যাস) বদলে দেওয়ার কথা বলছেন। তাই এই মাটিতে আধ্যাত্মিক জাগরণের খুব দরকার ছিল।”
শুভেন্দুর বক্তব্যে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে ধর্মীয় বক্তাদের যাতায়াত এবং রাজ্যের জনবিন্যাস নিয়ে রাজনৈতিক বিতর্কের বিষয়টি উঠে আসে।

