সৌদি আরবে হুথিদের নতুন হামলা এবং পারস্য উপসাগরে জাহাজে আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ২১ ডলার বা ৩ দশমিক ১ শতাংশ বেড়ে ১০৭ দশমিক ৮২ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ১৭ ডলার বা ৩ দশমিক ২ শতাংশ বেড়ে ১০৩ দশমিক ২২ ডলারে লেনদেন হচ্ছে।
সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে ড্রোন হামলার পর সেটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এতে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে লোহিত সাগর ও পারস্য উপসাগরীয় অঞ্চলে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
হরমুজ প্রণালি এড়িয়ে সৌদি আরবের তেল রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হয় ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি। পাইপলাইনটি বন্ধ থাকায় বৈশ্বিক তেল সরবরাহের একটি উল্লেখযোগ্য অংশ ঝুঁকিতে পড়েছে। ফলে সরবরাহ সংকটের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ তৈরি হয়েছে।

