চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল সংসদের ভিপি রিপুল চাকমাকে হল থেকে পিটিয়ে বের করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নাছিম উদ্দিনের বিরুদ্ধে। সোমবার (১৪ সেপ্টেম্বর) হলটির ৩১৩ নম্বর কক্ষে শিক্ষার্থী অবৈধভাবে থাকার অভিযোগকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
হল প্রশাসন ও হল সংসদ সূত্রে জানা যায়, ৩১৩ নম্বর কক্ষে অবৈধভাবে শিক্ষার্থী থাকার অভিযোগ পেয়ে সিনিয়র আবাসিক শিক্ষক ড. মো. নূরে আলমসহ হল সংসদের কয়েকজন সদস্য সেখানে যান। তবে সেখানে অবৈধভাবে থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ নিয়ে কক্ষে থাকা শিক্ষার্থীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়।
ভিপি রিপুল চাকমার অভিযোগ, একপর্যায়ে নাছিম উদ্দিন তাকে উদ্দেশ করে বলেন, ‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করব।’
অভিযোগের বিষয়ে নাছিম উদ্দিন হুমকি দেওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি ‘হিট অব দ্য মোমেন্টে’ হয়েছে। তার দাবি, তাকে ও তার মাকে গালিগালাজ করার পর রাগের মাথায় তিনি ওই কথা বলেছেন।
রিপুল চাকমা অবশ্য কাউকে গালিগালাজ করার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, ৩১৩ নম্বর কক্ষটি নিয়ে আগে থেকেই বিরোধ রয়েছে এবং বিশেষ বিবেচনায় সেখানে অতিরিক্ত সিট দেওয়ার বিষয়ও রয়েছে।
সিনিয়র আবাসিক শিক্ষক ড. মো. নূরে আলম বলেন, অভিযোগের ভিত্তিতে কক্ষটিতে গিয়ে অবৈধ কোনো শিক্ষার্থী পাওয়া যায়নি। সেখানে থাকা শিক্ষার্থীরা তাদের অতিথি বলে জানিয়েছে। পরে এ নিয়ে কথা-কাটাকাটি হয়।
সহকারী প্রক্টর অধ্যাপক ড. কামরুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে হলের একটি কক্ষে অভিযান চালানো হলেও অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এ ঘটনাকে কেন্দ্র করে কেউ অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

