এশিয়ান গেমসের ফুটবল ইভেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ওসাকার নাগাই স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এশিয়ান র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৮৮ ধাপ এগিয়ে থাকা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুরুতে প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত বড় ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে।
এবারের এশিয়ান গেমসে বাংলাদেশের শুরুটাই হয়েছিল হতাশাজনক। প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ফলে টানা দুই ম্যাচে প্রতিপক্ষের জালে কোনো গোল করতে না পেরে মোট ১৬ গোল হজম করেছে দলটি।
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের মতো তারুণ্যনির্ভর একাদশ সাজাননি বাংলাদেশ কোচ পিটার বাটলার। শুরু থেকেই রুপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা, শিউলি আজিম ও শামসুন্নাহারের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের একাদশে রাখেন তিনি।
ম্যাচের প্রথম ১৫ মিনিট ভালোই লড়াই করে বাংলাদেশ। তবে ১৬ মিনিটে কিম মিনজির গোলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। বিরতির ঠিক আগে, ৪২ মিনিটে জং দাবিন গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় দক্ষিণ কোরিয়া।
দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়ার আক্রমণের চাপ আরও বাড়ে। ৬৫ মিনিটে চোয়ে ইউরির গোলে ব্যবধান ৩-০ হয়। এরপর ৭৭ মিনিটে জি সো-ইউন চতুর্থ গোল করেন। দুই মিনিট পর হিয়ন সুলগির গোলে দক্ষিণ কোরিয়ার লিড দাঁড়ায় ৫-০। যোগ করা সময়ে কো ইউজিন ষষ্ঠ গোল করলে ৬-০ গোলের জয় নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া।

