আসন্ন ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর-রুহিয়া-ভূল্লী) আসনের উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচনী তৎপরতা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২৯ অক্টোবরের এই উপনির্বাচনে অংশ নিতে ১১-দলীয় ঐক্য সমর্থিত জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ।
মনোনয়নপত্র হস্তান্তরকালে জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম নির্বাচন কমিশনের নতুন বিধিমালা ও আচরণবিধি সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মাওলানা সোলায়মান হোসেন, জামায়াত নেতা সাইফুল ইসলামসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

