রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্যসমাপ্ত নির্বাচনে বড় জয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া পার্টি। জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত পূর্ণাঙ্গ ফলাফলে এ তথ্য জানা গেছে।
স্টেট দুমার মোট ৪৫০টি আসনের মধ্যে ৩৫০টিতেই জয় পেয়েছেন ইউনাইটেড রাশিয়া পার্টির প্রার্থীরা। ১৮ থেকে ২০ সেপ্টেম্বর তিন দিনব্যাপী ভোটগ্রহণের পর ২১ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করে রাশিয়ার জাতীয় নির্বাচন কমিশন।
ফলাফল অনুযায়ী, এবারের নির্বাচনে রাশিয়ার মোট ভোটারের ৫৯ দশমিক ৩২ শতাংশ ভোট দিয়েছেন। গণনা করা ভোটের ৫৮ শতাংশেরও বেশি পেয়েছে ইউনাইটেড রাশিয়া পার্টি।
২০০১ সালের নির্বাচনে জয়ের মাধ্যমে স্টেট দুমায় আধিপত্য প্রতিষ্ঠার পর টানা ২৫ বছর ধরে পার্লামেন্টের নিম্নকক্ষে ক্ষমতাসীন রয়েছে দলটি। প্রতি পাঁচ বছর পর পর দুমা নির্বাচন অনুষ্ঠিত হয়। সদ্যসমাপ্ত নির্বাচনসহ গত ২৫ বছরে অনুষ্ঠিত পাঁচটি নির্বাচনেই জয় পেয়েছে ইউনাইটেড রাশিয়া পার্টি। তবে আসন ও ভোটের হিসাবে এবারের জয়কে দলটির সবচেয়ে বড় সাফল্য হিসেবে উল্লেখ করা হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার মস্কো প্রতিনিধি দিমিত্রি মেদভেদেঙ্কো বলেছেন, এই ফলাফল এবং প্রায় ৬০ শতাংশ ভোটারের অংশগ্রহণকে মস্কো সম্ভবত তাদের কর্মকাণ্ডের প্রতি জনসমর্থন হিসেবে দেখবে। বিশেষ করে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে সরকারের পদক্ষেপের প্রতি সমর্থন এবং নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার ইঙ্গিত হিসেবেও রাশিয়া ফলাফলটিকে বিবেচনা করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

