আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি বার্সেলোনায় শিশুদের ক্যানসারের চিকিৎসার জন্য নির্মাণাধীন একটি বিশেষায়িত হাসপাতাল প্রকল্পে ২৬ লাখ ইউরো অনুদান দিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৬ কোটি টাকারও বেশি।
ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মার্কাটো’র প্রতিবেদনের বরাতে জানা যায়, মেসি তার দাতব্য প্রতিষ্ঠান ‘মেসি ফাউন্ডেশন’-এর মাধ্যমে এই অর্থ সহায়তা করেছেন। বার্সেলোনা ছাড়ার পাঁচ বছর পরও শহরটির মানুষের প্রতি মেসির এই মানবিক উদ্যোগ নতুন করে প্রশংসা কুড়িয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘এসজেডি পেডিয়াট্রিক ক্যানসার সেন্টার’ নামের এই চিকিৎসাকেন্দ্রটি শিশুদের ক্যানসার চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে। প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৩ কোটি ইউরো। প্রায় ৫ হাজার ১৩৭ বর্গমিটার জায়গাজুড়ে নির্মিতব্য কেন্দ্রটি চালু হলে বছরে অন্তত ৪০০ শিশুকে বিশেষায়িত ক্যানসার চিকিৎসা দেওয়া সম্ভব হবে।
একই ছাদের নিচে শিশুদের ক্যানসার চিকিৎসা, প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও আনুষঙ্গিক সহায়তা নিশ্চিত করাই প্রকল্পটির অন্যতম লক্ষ্য। মেসি ফাউন্ডেশনের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, করপোরেট সংস্থা ও ব্যক্তিগত অনুদানকারীরাও প্রকল্পটির অর্থায়নে অংশ নিচ্ছেন।
শিশুদের স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়া উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছে মেসি ফাউন্ডেশন। সংস্থাটি শিশুদের লিউকেমিয়া গবেষণায় সহায়তার পাশাপাশি আর্জেন্টিনার রোসারিওর হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং মোজাম্বিকে শিশুদের অপুষ্টি মোকাবিলায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

