ঝিনাইদহের কোটচাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মিছিলের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১২০ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) মুজাহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় শেখ হাসিনাসহ ঝিনাইদহ জেলা ও কোটচাঁদপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মিছিলের আলামত জব্দের ঘটনায় এসআই মুজাহিদুল ইসলাম বাদী হয়ে শেখ হাসিনাকে প্রধান আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। এ মামলায় পৃথক অভিযান চালিয়ে ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, ২১ সেপ্টেম্বর ভোরে কোটচাঁদপুর শহরের কলেজ বাসস্ট্যান্ড এলাকায় কালীগঞ্জ-জীবননগর সড়কে ১০ থেকে ১৫ জন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী মিছিল করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে আটটি লাঠি জব্দ করা হয়, যা মামলায় আলামত হিসেবে দেখানো হয়েছে।
এর আগে সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কোটচাঁদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাহিনসহ ১৫ থেকে ২০ জনকে ব্যানার নিয়ে মিছিল করতে দেখা যায় বলে পুলিশ জানিয়েছে।

