ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি গ্রামীণ সড়ক পুনর্নির্মাণ ও কার্পেটিংয়ের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। কাজের মান নিম্নমানের হওয়ায় নবনির্মিত সড়কের বিটুমিনের আস্তরণ হাত এবং পায়ের চাপে উঠে যাচ্ছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ২০২৩-২৪ অর্থবছরে উপজেলার ধলা খানবাড়ি তিন রাস্তার মোড় থেকে প্রায় ২ হাজার ৩৯৮ মিটার দীর্ঘ গ্রামীণ সড়ক সংস্কার ও কার্পেটিংয়ের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়। প্রাক্কলিত ব্যয় ধরা হয় প্রায় ২ কোটি ২৬ লাখ টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি সম্পাদনের দায়িত্ব পায় মেসার্স বাপ্পি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
এলাকাবাসীর অভিযোগ, সড়ক সংস্কারের নিয়মানুযায়ী বিটুমিন প্রাইম কোট প্রয়োগ ও পরিচ্ছন্নতার কাজ না করেই তড়িঘড়ি করে কার্পেটিং করা হয়েছে। ফলে নির্মাণ শেষ হওয়ার পর পরই হাত দিয়ে টান দিলে এবং পায়ের সামান্য ঘষা লাগলেই বিটুমিন ও পাথরের মিশ্রণ উঠে আসছে।
অভিযোগ প্রসঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বাপ্পি এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী মো. মাজহারুল ইসলাম জানান, কারিগরি বিষয়ের বিস্তারিত তথ্য প্রকৌশল দপ্তরের মাধ্যমেই নিশ্চিত হওয়া যাবে। তিনি বলেন, “আমরা অনুমোদিত শিডিউল অনুযায়ী কাজ সম্পাদনের চেষ্টা করেছি।”
এ বিষয়ে ত্রিশাল উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. জুবায়েত হোসেন বলেন, “সড়কের কার্পেটিং আলগা হয়ে যাওয়ার লিখিত ও মৌখিক তথ্য আমরা পেয়েছি। বিষয়টি সরেজমিন পরীক্ষা করে দেখা হবে। পরিদর্শনের পর কাজের গুণগত মানে কোনো বিচ্যুতি বা অনিয়ম পাওয়া গেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুক্তি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দারা প্রকল্পটির কারিগরি মান নিরপেক্ষভাবে পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

