মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশ থেকে বাংলাদেশ আলাদা নয়; বাংলাদেশ কোনো দ্বীপও নয়। ফলে মধ্যপ্রাচ্যের সংকটের প্রভাব দেশের জ্বালানি তেলের বাজারেও পড়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেলের দাম বর্তমানে অস্থিতিশীল। পাশাপাশি প্রতিবেশী অনেক দেশে জ্বালানি তেলের দাম বাংলাদেশের তুলনায় বেশি। এতে বাংলাদেশ থেকে জ্বালানি তেল পাচারের ঝুঁকি তৈরি হয়েছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের বাজারে তেলের দাম সমন্বয় করা হয়েছে।
তিনি বলেন, প্রবাসীরা কষ্ট করে বৈদেশিক মুদ্রা উপার্জন করেন। সেই অর্থ দিয়ে বাংলাদেশ জ্বালানি তেল আমদানি করে। তাই প্রবাসীদের কষ্টার্জিত অর্থে কেনা জ্বালানি তেল যাতে পাচার না হয়, সেটিও সরকারের বিবেচনায় রয়েছে।
জ্বালানি তেলের দাম পুনর্মূল্যায়নের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, জ্বালানি সংকটের প্রভাব এখন পুরো বিশ্বেই পড়েছে। মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলে আন্তর্জাতিক বাজার পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। তখন দেশের বাজারেও জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করা সম্ভব হবে। এমনকি আন্তর্জাতিক বাজার পরিস্থিতি অনুকূলে থাকলে আগের দামের চেয়েও কম দামে তেল নির্ধারণের সুযোগ তৈরি হলে সেটিও বিবেচনা করা হবে।
বোরো মৌসুমে লোডশেডিং কমবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কৃষকদের কথা বিবেচনায় নিয়ে বোরো মৌসুমে প্রান্তিক এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে সরকার। পাশাপাশি ভবিষ্যতে কৃষকদের পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সৌরবিদ্যুৎভিত্তিক সেচব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুহাম্মদ আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন প্রিন্স, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

