আফ্রিকার দেশ কঙ্গোতে বিমান দুর্ঘটনায় দুই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেশটির সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। দুর্ঘটনায় বিমানে থাকা প্রতিনিধি দলের সদস্য ও ক্রুরাও প্রাণ হারিয়েছেন।
নিহত দুই সামরিক কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট জেনারেল মুতোম্বো কাটালাই তিয়েন্দে এবং লেফটেন্যান্ট জেনারেল বাকুমি লিকুলিয়া। তিয়েন্দে সামরিক আদালতের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে, লিকুলিয়া ছিলেন দেশটির সশস্ত্র বাহিনীর অডিটর জেনারেল।
কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেঙ্গে এক বিবৃতিতে জানান, দুই জেনারেল ছাড়াও প্রতিনিধি দলের ১২ সদস্য এবং বিমানের ক্রুরা দুর্ঘটনায় নিহত হয়েছেন।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে জানা গেছে, বিমানটি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিকভিট থেকে রাজধানী কিনশাসায় ফিরছিল। পথে কারিগরি ত্রুটি দেখা দিলে কেঞ্জে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা সবাই প্রাণ হারান।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সামরিক বাহিনীর মুখপাত্র এফোমি একেঙ্গে। তবে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ত্রিফোঁ কিন-কিয়ে মুলুম্বা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, কঙ্গোর সামরিক বাহিনী গত বছর থেকে দেশটির পূর্বাঞ্চলে একাধিক বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। এসব গোষ্ঠীর মধ্যে রুয়ান্ডার সমর্থনপুষ্ট এম২৩ বিদ্রোহীরাও রয়েছে। বিভিন্ন হামলার পর বিদ্রোহীরা ওই অঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখল করে নেয়।

