ঝিনাইদহের কালীগঞ্জে বাস চাপায় পৌরসভার কর্মচারী নিহত। কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক এ.এস.এম. আব্দুস সামাদ (৪৮) মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলা শহরের সাব-রেজিস্ট্রার অফিসের সামনে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।
এ ঘটনায় আব্দুস সামাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক ও হেলপার পলাতক আছেন। সুরত ও ময়নাতদন্তের পরে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

