পটুয়াখালীর বাউফলে নিজের বসতঘরের পেছনে গোপনে গাঁজা চাষ করার অভিযোগে ইউসুফ খান (৪৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বাড়ির পেছন থেকে ৩টি গাঁজাগাছ উদ্ধার করা হয়। রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গুইল্ডামুজ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইউসুফ খান ওই গ্রামের মৃত মুজিব খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মজিবুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল তার বসতবাড়িতে এই অভিযান পরিচালনা করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, প্রায় ৩ থেকে ৪ মাস পূর্বে ইউসুফ খান নিজ ঘরের পেছনের জমিতে অবৈধভাবে গাঁজার চারা রোপণ করে পরিচর্যা করে আসছিলেন। বাণিজ্যিকভাবে বিক্রির উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত সেবনের জন্য তিনি এই গাঁজা চাষ করছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ইউসুফ খান নিজ বাড়ির পেছনে গাঁজা চাষ করেছেন। তিন থেকে চার মাস আগে তিনি গাছগুলো রোপণ করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

