বিদেশে গিয়ে নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরে চাকরিতে যোগ না দেওয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছয় শিক্ষকের পদ অবমুক্ত বা শূন্য ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ১১১তম সিন্ডিকেট সভায় ওই শিক্ষকদের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রেজিস্ট্রার দপ্তরের তথ্যমতে, পদ শূন্য ঘোষণা করা ছয় শিক্ষক হলেন—পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক দিপা রানী দাস, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ সেন, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক সুমাইয়া হক চাঁদনী, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুল্লাহ, সহযোগী অধ্যাপক মেহেদী হাসান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামাল হোসেন চৌধুরী।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ছয় শিক্ষকের মধ্যে পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক দিপা রানী দাসের কাছে বিশ্ববিদ্যালয়ের আর্থিক পাওনা ১৫ লাখ ৪ হাজার ৬০২ টাকা। রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ সেনের কাছে পাওনা ২৩ লাখ ৩৫ হাজার ৬১৮ টাকা। বাকি চার শিক্ষকের কাছে বিশ্ববিদ্যালয়ের আর্থিক পাওনার হিসাব প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নুরুল করিম চৌধুরী বলেন, ‘শিক্ষা ছুটির মেয়াদ শেষ হওয়ার পরেও তারা ফিরে না আসায় আমরা তাদের মূল পদ থেকে অব্যাহতি দিয়েছি। তাদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যা পাওনা রয়েছে, সেসব অর্থের লেনদেন শেষ করার জন্য তাদের আবারও চিঠি দেওয়া হচ্ছে। এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে।’

