রাজধানীর আগারগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপের ঘটনায় মামলা দায়েরের পর সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে আগারগাঁও লিংক রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অন্যটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম ডিসপোজাল ইউনিট বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।
পুলিশ জানায়, ঘটনার সময় দুই মোটরসাইকেল আরোহী সেখানে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তাঁরা আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে দুটি ককটেল নিক্ষেপের পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, মোটরসাইকেল আরোহীরা আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে যান। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ অভিযান শুরু করে। পাশাপাশি ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে।

