নেত্রকোনার সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের বারান্দার একটি কক্ষে রাখা দুটি মোটরসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখার ব্যবস্থাপক মঞ্জু আহমেদ।
তিনি জানান, ঘটনার সময় ব্যাংকের নিয়মিত নিরাপত্তাকর্মী আবদুর রহমান ছুটিতে ছিলেন। তার পরিবর্তে দায়িত্ব পালনকারী ব্যক্তি আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজনকে খবর দেন। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের পাশে কয়েকটি খালি বোতল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেট্রল ঢেলে আগুন লাগানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Related Posts
Add A Comment
© এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.odhikar.news কর্তৃক সংরক্ষিত

