‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড ও বিশেষ অ্যাপস প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে এ ব্রিফিং প্যারেড ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঠাকুরগাঁও।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ নজরুল ইসলাম ভূঞা। এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌসুমি আক্তার, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক জাহিদুর রহমান এবং জাকিয়া সুলতানাসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
ব্রিফিং প্যারেডে জেলা কমান্ড্যান্ট নজরুল ইসলাম ভূঞা বলেন, মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সর্বদা সজাগ থাকতে হবে। তিনি আরও যোগ করেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন উৎসবমুখর, নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করে বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে।
প্যারেড শেষে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য ও সার্বিক পরিস্থিতি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে সদস্যদের অনলাইন অ্যাপ ব্যবহারের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।
উল্লেখ্য, আগামী ১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ঠাকুরগাঁও জেলার ৪৭৬টি দুর্গাপূজা মণ্ডপে ৩ হাজার ১৭৮ জন নারী ও পুরুষ আনসার-ভিডিপি সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

