ফরিদপুরের বোয়ালমারীতে ভাড়া বাসার একটি কক্ষ থেকে অলিভ বিশ্বাস (৩৮) নামের এক ব্র্যাক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অলিভ বিশ্বাস মাগুরার শালিখা উপজেলার সোনাডাঙ্গা গ্রামের মিলন বিশ্বাসের ছেলে। তিনি বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা শাখায় ব্র্যাকের হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়েনদিয়া বাজার এলাকায় শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যাপক স্বপন কুমার সাহার বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অলিভ বিশ্বাসের কক্ষের সঙ্গী আমরেন্দ্র মণ্ডল শুক্রবার সাপ্তাহিক ছুটিতে বাড়িতে যান। শনিবার সকাল ৮টার দিকে তিনি বাসায় ফিরে কক্ষের দরজা-জানালা বন্ধ দেখতে পান। অলিভকে বারবার ফোন করেও সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের ডাকেন। পরে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে অলিভের ঝুলন্ত মরদেহ দেখতে পান তাঁরা।
খবর পেয়ে বোয়ালমারী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।

