‘এই দেশে বিচারব্যবস্থা নাই, ধ্বংস করে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সরকারকে কীভাবে তোষণ করবে, সেই কাজে ব্যস্ত।’ পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বক্তব্যের সমালোচনা করে এসব কথা বলেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।
বুধবার (২৮ অক্টোবর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ মিনারে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
আইজিপির বক্তব্যের সমালোচনা করে আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘আইজিপি বলেছে যে, সরকার যদি আমাদেরকে অনুমতি দেয়, তাহলে আমরা ক্রসফায়ারের মধ্যে চলে যাব। মানে, ওরে মনে হয় যে ওই গুলিটা দিছে ক্রসফায়ার দেওয়ার জন্য। তো আমরাও গুলি নেই, গুলি নিয়ে, এরপর কই যে তোরে একটা ক্রসফায়ার করে দেই। এই ধরণের ফাইজলামি জুলাইয়ের পরে আর করা যাবে না।’
তিনি আরো বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী তার পক্ষ নিয়ে বললেন যে, এত সহজ সরল একটা ব্যক্তি, এই জন্য এই কথা বলছে। বাংলাদেশের আইজিপি, যার ডিল করা লাগবে, যারা ক্রাইম করে তাদের সাথে, সে নাকি সহজ সরল। তাহলে তুই যদি এত সহজ সরল, তোরে আইজিপি হইতে কইছে কেডা?’
তিনি বলেন, ‘এই সহজ সরলতা দেশের মানুষের মানদণ্ড হইতে পারে না। যেইখানে আইন-শৃঙ্খলা বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নে জড়িত, সেইখানে সে এই ধরণের বক্তব্য দেওয়ার পরে বলে, যে সহজ সরল হওয়ার কারণে সেই ধরণের বক্তব্য দিছে।’
প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’ করার অভিযোগে আটক ব্যক্তিদের বিষয়ে প্রশ্ন তুলে জাবের বলেন, ‘তাইলে যেই মানুষগুলা প্রধানমন্ত্রীরে, আপনাদের ভাষায়, কটুক্তি করছে। এই মানুষগুলাও তো না বুঝে করতে পারে। তাইলে সেই মানুষগুলা এখন পর্যন্ত জেলে কেন?, আমরা জানতে চাই।’
জাবের আরো বলেন, ‘অবিলম্বে বাংলাদেশের মানুষের মুখ বন্ধ করার যেই প্রচেষ্টা করছে সরকার, সেইখান থেকে তাকে ফিরে আসতে হবে। হাসিনা কে শুধুমাত্র গুম খুন করার কারণে বাংলাদেশের মানুষ দিল্লিতে পাঠায় নাই। সে বাংলাদেশের মানুষের মুখ বন্ধ করতে চাইছে। এটা অন্যতম কারণ।’

