বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সংঘাতের অবসানে শান্তি আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হওয়ায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে আন্তর্জাতিক বাজারে তেলের দুই প্রধান সূচকের দর নিম্নমুখী হয়েছে। তবে ইয়েমেনসহ বিভিন্ন অঞ্চলে সংঘাত তীব্র হওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ এখনো কাটেনি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ১১৪ ডলার ৫০ সেন্টে নেমেছে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৪ সেন্ট বা ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০১ ডলার ৭৪ সেন্টে।
এই দরপতনের ফলে আগের দিনের মূল্যবৃদ্ধির একটি অংশ কমে এসেছে। বাজারসংশ্লিষ্টদের মতে, সংঘাতের অবসানে শান্তি আলোচনা শুরুর সম্ভাবনা তেলের বাজারে নিম্নমুখী চাপ তৈরি করেছে।
তবে পরিস্থিতি এখনো অনিশ্চিত। ইয়েমেনসহ বিভিন্ন অঞ্চলে সংঘাত বাড়তে থাকায় জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে শান্তি আলোচনার খবরে দাম কমলেও এই স্বস্তি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। সংঘাত আরও তীব্র হলে সরবরাহ সংকট তৈরি হয়ে তেলের দাম আবারও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

