ঢাকার সাভারে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে এবং আরও দুটি বাস সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে সাভার অধর চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি ব্যাগে বোমাসদৃশ বস্তু পাওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে সাভারের গেন্ডা ময়লার মোড় এলাকায় সাভার পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন লাগার সময় বাসের ভেতরে একজন চালক ঘুমিয়ে ছিলেন। আগুন দেখতে পেয়ে দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান তিনি। আগুনে একটি বাস সম্পূর্ণ পুড়ে যায় এবং পাশে থাকা আরও দুটি বাস সামান্য ক্ষতিগ্রস্ত হয়।
সাভার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে এবং আরও দুটি বাস সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে, গতকাল রাতে সাভার অধর চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি ব্যাগের ভেতরে বোমাসদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জায়গাটি ঘিরে রেখেছে। বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
বাসে আগুন ও বিদ্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় সাভার এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

