দীর্ঘ নয় বছরের পথচলার ইতি টেনে শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং। দীর্ঘ এই সময়ে ধারাবাহিকটি শুধু একটি নাটক নয়, বরং দর্শকের ভালো লাগা, হাসি ও আবেগের বিশেষ অংশ হয়ে উঠেছে। এর প্রতিটি চরিত্রও জায়গা করে নিয়েছে অসংখ্য দর্শকের হৃদয়ে।
শুটিং শেষের মুহূর্তে পুরোনো দিনের স্মৃতিচারণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন ধারাবাহিকটির জনপ্রিয় চরিত্র কাবিলার অভিনেতা জিয়াউল হক পলাশ।
কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সঙ্গে নিজের জীবনের দীর্ঘ সময় জড়িয়ে থাকার কথা তুলে ধরেছেন পলাশ। তাঁর লেখায় উঠে এসেছে শুরুর দিনগুলোর স্মৃতি, নিজের বেড়ে ওঠা এবং এই যাত্রায় পাওয়া অসংখ্য মানুষের ভালোবাসার গল্প।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে পলাশ লিখেছেন, ‘এখান থেকেই সবকিছুর শুরু। এই রাস্তা, এই গাছতলা, চেনা বিকেলগুলো সবকিছুর সঙ্গে জড়িয়ে আছে কত কথা, কত হাসি আর কত না-বলা গল্প। সময় কত দ্রুত বদলে যায়! ‘ব্যাচেলর পয়েন্ট’-এর যাত্রা যখন শুরু হয়েছিল, তখন ছিল কেবল নতুন একটি গল্পের পথচলা। এরপর দিন পেরিয়েছে, বছর গড়িয়েছে।’
দীর্ঘ সময়ের পরিবর্তনের কথা তুলে ধরে তিনি আরও লেখেন, ‘বদলেছে ঋতু, মানুষ, চারপাশের পরিচিত অনেক কিছু। চোখের সামনে ধীরে ধীরে বড় হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’। আর কখন যে এই গল্পের সঙ্গে সঙ্গে আমিও বড় হয়ে গেছি, তা বুঝতেই পারিনি।’
পলাশ জানান, পঞ্চম সিজনের শুটিংও শেষ হয়েছে। একটি গল্পের ভেতর মানুষ কতটা জীবন রেখে আসতে পারে, তা তুলে ধরে তিনি বলেন, কত সকাল, রাত, অভিমান, আনন্দ আর প্রিয় মানুষের মুখ মিলিয়ে কখন যে একটি নাটক নিজের জীবনের অংশ হয়ে ওঠে, তা বোঝা যায় না।
বিদায়ের অনুভূতি প্রকাশ করে পলাশ লিখেছেন, ‘এত স্মৃতি কোথায় জমা রাখব? এতগুলো বছরের গল্প কোন বাক্যে বলব? কীভাবে বোঝাব, এই পথচলা আমার কাছে কতটা অর্থবহ? সবকিছুরই নাকি শেষ আছে। হয়তো ‘ব্যাচেলর পয়েন্ট’-এরও শেষ হলো। মানুষ ফিরে যায়, শুটিং শেষ হয়, আলো নিভে যায়।’

